• ঢাকা |

ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী জাপান, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

বিশ্বকাপের নকআউট পর্বে এবার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সামনে রেখেও আত্মবিশ্বাস হারাচ্ছে না সামুরাই ব্লুরা। বরং নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে ইতিহাসে নতুন অধ্যায় লেখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হাজিমে মোরিয়াসুর দল।

সোমবার (বাংলাদেশ সময়) রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এশিয়ার প্রতিনিধিরা প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাপান পাচ্ছে না দলের অন্যতম ভরসার মিডফিল্ডার তাকেফুসা কুবোকে। তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হলেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি কোচ হাজিমে মোরিয়াসুর।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, “জাপানিরা অবশ্যই অর্জন করতে পারে। যে কোনো বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট। কিন্তু আমি চাই, এই টুর্নামেন্টে আমরা ডার্ক হর্সদের মধ্যে ফেভারিট হিসেবে লড়াই করে এগিয়ে যাই।”

জাপানের এই কোচের বিশ্বাস, ব্রাজিলকে হারাতে পারলে সেটি শুধু একটি জয়ই হবে না, দেশের ফুটবলের ইতিহাসেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, “আমরা আরও একবার ইতিহাস বদলাতে আমাদের সেরাটা দেব। আমরা এমন একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যা সারা বিশ্ব দেখবে। আমি চাই, এটি এমন একটি ম্যাচ হোক, যা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে।”

বিশ্বকাপের অন্যতম সফল দল ব্রাজিলের বিপক্ষে জাপানকে আন্ডারডগ হিসেবে দেখা হলেও অতীতে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চমক দেখানোর অভিজ্ঞতা রয়েছে মোরিয়াসুর দলের। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় সামুরাই ব্লুরা।

ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী জাপান, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল