নিজস্ব প্রতিবেদক
সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। তাই আসুন, আমরা সবাই মিলে এমন একটি রাষ্ট্র গড়তে কাজ করি, যাতে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হই। রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সব সময় পাশে থাকবে।’
তিনি বলেন, ‘পূর্ববর্তী বক্তারা, বিশেষ করে ড. আনিসুজ্জামান ইনোভেশন নিয়ে তাঁর উপস্থাপনা ও বক্তব্যে যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলোর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কর্মপন্থা মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে। আমরা যদি এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, তবেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা।