• ঢাকা |

মনোনয়ন বাছাইয়ে টিকে গেলেন বিএনপির সরওয়ার জামাল নিজাম, বিদ্রোহীর মনোনয়ন বাতিল


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসনে বিএনপির দলীয় প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন– বিএনপি নেতা আলী আব্বাস এবং গণ অধিকার পরিষদের মো. মুজিবুর রহমান।

আসনটির রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আলী আব্বাস বিএনপির প্রার্থী পরিচয় দিলেও দলের পক্ষ থেকে কোনো মনোনয়নপত্র জমা দেননি। এমনকি তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হয়েছেন, যা বিধিসম্মত নয়। অন্যদিকে, গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।

আনোয়ারা-কর্ণফুলী আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন– বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসনেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অবশিষ্ট একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।