নিজস্ব প্রতিবেদক-
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিএন্ডবি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। এতে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ কাজ করে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তাদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের অভিযোগ, সময়মতো বেতন না পেলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক বাছামিয়া বলেন, শ্রমিকদের সঙ্গে এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার পর বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়ে যায়। প্রায় ৩ঘন্টার অবরোধে পুরো এলাকা যানজট লেগে যায়।