• ঢাকা |

‘কে ভেবেছিল কেপ ভার্দে আর্জেন্টিনাকে এতটা ভোগাবে?’—আনচেলত্তি


নিউজ প্রকাশের তারিখ : ৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত করার লড়াই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কেপ ভার্দের বিপক্ষে আলবিসেলেস্তেদের কঠিন জয়কে আধুনিক ফুটবলের বাস্তবতারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে এতটা ঘাম ঝরাতে হবে? কেউই হয়তো তা কল্পনা করেনি। কিন্তু আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা খুব ভালোভাবে প্রস্তুত একটি দলের বিপক্ষে খেলেছে। এটি আর্জেন্টিনাকে খাটো করার জন্য বলছি না। কেপ ভার্দে, তাদের খেলোয়াড় ও কোচ দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে। তারা অবশ্যই প্রশংসার দাবিদার।’

এদিকে জাপানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া লুকাস পাকেতার পরিবর্তে অনুশীলনে গাব্রিয়েল মার্তিনেল্লিকে দেখা গেছে। ফলে চার ফরোয়ার্ড নিয়ে আক্রমণাত্মক কৌশলে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পাকেতার বিকল্প নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাননি ব্রাজিল কোচ।

তিনি বলেন, ‘পাকেতার মতো একই ধরনের কোনো খেলোয়াড় আমাদের দলে নেই। দানিলো রয়েছে, তবে তার খেলার ধরন মার্তিনেল্লির চেয়ে ভিন্ন। প্রতিপক্ষের শক্তি ও আমাদের কৌশল বিবেচনা করেই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।’

নরওয়েকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘নরওয়ে আক্রমণভাগে অত্যন্ত মানসম্পন্ন এবং ভারসাম্যপূর্ণ একটি দল। তাদের বিপক্ষে দ্রুত কাউন্টার-অ্যাটাক করা সহজ নয়, কারণ মাঝমাঠে তাদের নিয়ন্ত্রণ খুবই ভালো। ম্যাচ নিয়ে আমি ভাবছি, তবে উদ্বিগ্ন নই। দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে পারব।’

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ইতোমধ্যে টুর্নামেন্টে পাঁচ গোল করেছেন। তবে তাকে ঠেকাতে নিজের ডিফেন্ডারদের ওপর ভরসা রাখছেন ব্রাজিল কোচ।

আনচেলত্তি বলেন, ‘হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সেটা গাব্রিয়েলকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। সে এর আগেও বহুবার হালান্ডের বিপক্ষে খেলেছে। মার্কিনিয়োসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

অন্যদিকে, হাইতির বিপক্ষে ম্যাচের পর মাংসপেশির চোটে ভোগা রাফিনিয়া পুরোপুরি ফিট না হলেও নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘রাফিনিয়া দ্রুত সেরে উঠছে। এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ সময়ে সে আমাদের কাজে আসতে পারে। তার দ্রুত সুস্থ হওয়া দলের জন্য সুখবর, কারণ সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।’

সবশেষে দলের পোস্টার বয় নেইমারকে নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। হাইতির বিপক্ষে খুব বেশি সময় না পেলেও তার মনোভাবের ভূয়সী প্রশংসা করেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘নেইমারের আচরণ অসাধারণ। সে অত্যন্ত শ্রদ্ধাশীল, বিনয়ী এবং সতীর্থদের কাছে ভীষণ জনপ্রিয়। মাঠের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ড্রেসিংরুমেও তার উপস্থিতি দলের জন্য মূল্যবান। সে খেলতে চায়—এ কথা মুখে না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজেই সেটা স্পষ্ট। আর কোনো ফুটবলারই বেঞ্চে বসে আনন্দ পায় না।’